দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে পদযাত্রা শুরু করেছেন তাঁর হাজারো সমর্থক। রোববার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত শহর থেকে এ পদযাত্রা শুরু হয়।
ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে উদ্বেগ ক্রমেই বাড়ছে। তাঁর পরিবারের দাবি, কারা কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় তাঁর ডান চোখের দৃষ্টিশক্তির বড় অংশ নষ্ট হয়ে গেছে।
ক্রিকেট তারকা থেকে রাজনীতিক হয়ে ওঠা ইমরান খান বর্তমানে শতাধিক মামলার মুখোমুখি। গত বছর দুর্নীতির মামলায় তাঁকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ইমরান বরাবরই দাবি করে আসছেন, তাঁর বিরুদ্ধে দায়ের করা সব মামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
২০২৩ সালের আগস্টে প্রথমবার কারাগারে যাওয়ার পর থেকেই বন্দি রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস থেকে শুরু করে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগসহ বিভিন্ন মামলায় তাঁর বিরুদ্ধে বিচার চলছে। গত বছর তাঁর স্ত্রী বুশরা বিবিকেও কারাদণ্ড দেওয়া হয়।
লাক্কি মারওয়াত থেকে শুরু হওয়া পদযাত্রাটি রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরের এলাকা পেরিয়ে এগোচ্ছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা সোহেল আফ্রিদি আশা প্রকাশ করেছেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে মিছিলটি ইসলামাবাদের প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমের একটি শহরে পৌঁছাবে।
রোববার তিনি বলেন, এর মধ্যে আন্দোলনটি দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে এবং প্রতিটি চত্বর রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হবে। তিনি জনগণকে রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
তবে আয়োজকেরা সরাসরি ইসলামাবাদ অভিমুখে যাওয়ার ঘোষণা না দিলেও রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। বিভিন্ন সড়কে বড় বড় কনটেইনার রেখে যান চলাচল বন্ধের প্রস্তুতিও নেওয়া হয়েছে।
এর আগে ইমরান খানকে কেন্দ্র করে পিটিআই ও সরকারের মধ্যে আলোচনা শুরু হয়েছিল। সেই আলোচনার কারণে পদযাত্রাটি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে।
পিটিআইয়ের অভিযোগ, দলের নেতাদের ইমরান খানের সঙ্গে দেখা করে জাতীয় ও রাজনৈতিক বিষয়ে তাঁর পরামর্শ নেওয়ার সুযোগ দিতে সরকার অস্বীকৃতি জানানোয় আলোচনা ভেস্তে যায়। একই সঙ্গে দলটি ইমরানের দ্রুত চিকিৎসা পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার দাবি জানিয়েছিল।
অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি পিটিআই-নিয়ন্ত্রিত খাইবার পাখতুনখাওয়া সরকারের বিরুদ্ধে আলোচনা ‘ভেস্তে দেওয়ার’ অভিযোগ করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী বিভিন্ন বিষয়ে পূর্বের প্রতিশ্রুতি থেকে প্রাদেশিক সরকার সরে এসেছে বলে অভিযোগ করেন তিনি।
গত আগস্টে শারীরিক অবস্থার অবনতির অভিযোগের পর ইমরান খানকে কারাগার থেকে সাময়িকভাবে একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে পরীক্ষা ও চিকিৎসার পর চিকিৎসকেরা তাঁকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ বলে ঘোষণা করেন। তবে তাঁর পরিবার ও পিটিআই অভিযোগ করে, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নির্ধারিত একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের দিয়ে তাঁর পরীক্ষা করানো হয়নি।
গত ২০ সেপ্টেম্বর ইমরানের বোন আলিমা খানমকেও লাহোর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারি পরোয়ানায় তাঁর বিরুদ্ধে জনমনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য লোকজনকে সংগঠিত করা এবং সরকারের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগ আনা হয়।
ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মে মাসে তাঁর গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। লাহোরে সেনাবাহিনীর কোর কমান্ডারের বাসভবনেও হামলা চালায় তাঁর সমর্থকেরা। ওই সহিংসতায় অন্তত আটজন নিহত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়।
ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে সাবেক কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়কও সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে তাঁর যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সূত্র: বিবিসি
এমএস/